রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)-এর উদ্যোগে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালের দিকে ওয়াগ্গাছড়া জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্।

বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় ৬টি পরিবারের মাঝে নগদ অর্থ, ৫টি পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১টি পরিবারের মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করেন। সামগ্রিক সহায়তা প্রদানকালে তিনি উপকারভোগী ও উপস্থিত স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দুঃস্থদের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সচেষ্ট রয়েছে। ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

(আরএম/এসপি/জুলাই ২০, ২০২৬)