কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ হওয়ার প্রায় ৫৩ ঘণ্টা পর মো. মাসুদ (৫০) নামের এক স্থানীয় বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে গরু টিলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকার চিপার হাউস এলাকার ইসমাইল সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌসুমী ফল ও কাঁচামালের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মো. মাসুদ নিয়মিত প্রতি সপ্তাহে বিলাইছড়ি ও ফারুয়া বাজার থেকে মালামাল কিনে শনিবার ইঞ্জিনচালিত বোটযোগে কাপ্তাইয়ে ফিরে আসতেন। গত শনিবার (১৮ জুলাই) ভোর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকাল ৮টা থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ ৫৩ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ দুপুরে গরু টিলার এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। এর আগে নিখোঁজের খবর পাওয়ার পর নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছিল। এছাড়া গত শনিবার রাইংখিয়ং বাজার সংলগ্ন এলাকা থেকে মালামালসহ তাঁর খালি বোটটি উদ্ধার করা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
(আরএম/এসপি/জুলাই ২০, ২০২৬)
