রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ধর্ষক পালিয়ে গেছে।

গতকাল সোমবার বিকালের দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের পর হত্যার শিকার মোসা: জান্নাতুল খানম রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে এবং ধর্ষক রবিউল শিকদার ওরফে রবি একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে প্রতিবেশী রবিউল শিকদার শিশুটিকে কৌশলে ডেকে নিজের ঘরে নিয়ে যান। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে রবিউলের ঘরের মেঝেতে শিশুটিকে কাঁথা দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, “প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জড়িত ব্যক্তিকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

(আরএম/এসপি/জুলাই ২১, ২০২৬)