অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আসমত শেখ ও সাগর মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাদের উপস্থিতি নিশ্চিত করে এ দণ্ডাদেশ দেন।
অন্যদিকে, মামলার অপর অভিযুক্ত আশিক শেখ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার কার্যক্রম শিশু আদালতে পৃথকভাবে চলমান রয়েছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক নাঈম শেখকে কৌশলে ডেকে নেয় আসামিরা। পরে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয়। অপরাধ ও আলামত গোপন করার উদ্দেশ্যে ঘাতকরা নাঈমের মরদেহ মাটিতে পুঁতে রাখে।
ঘটনার পরদিন ২২ এপ্রিল নিহতের ভাই রাসেদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে মাত্র তিন সপ্তাহের মাথায়, ২০২২ সালের ১৫ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ চূড়ান্ত রায় প্রদান করেন।
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, "উপস্থাপিত সাক্ষ্য ও পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এ রায়ের মাধ্যমে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে। সমাজে অপরাধ দমনে এবং এ ধরনের নিষ্ঠুর অপরাধ প্রবণতা কমাতে এই রায় ইতিবাচক ভূমিকা রাখবে।"
(ডিসি/এসপি/জুলাই ২১, ২০২৬)
