দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন ফরিদপুরের সমাজসংগঠক ও উদ্যোক্তা বিপ্লব কুমার মালো।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি ফরিদপুর ও আশপাশের অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও অধিকারভিত্তিক বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিরলস নেতৃত্ব দিয়ে আসছেন।

সংগঠন সূত্রে জানা গেছে, বিপ্লব কুমার মালোর উদ্যোগে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় ‘গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও)’।

শুরুতে ছোট পরিসরে কাজ শুরু করলেও বর্তমানে এটি ৭৮২ জন প্রতিবন্ধী ব্যক্তির একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিপ্লব মালোর প্রত্যক্ষ পরিচালনায় বহু প্রতিবন্ধী ব্যক্তি ক্ষুদ্রঋণ, কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি শিক্ষা এবং ব্যবসায়িক সহায়তা পেয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছেন।

এছাড়া, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন তিনি। সেখান থেকে কম্পিউটার, আইটি ও বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে অসংখ্য ব্যক্তি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

সামাজিক এসব কর্মকাণ্ডে তিনি সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটি (সিএসআইডি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যৌথভাবে কাজ করছেন।

সামাজিক ও মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে এর আগে তিনি ২০১৪ সালে ‘যুব উন্নয়ন পদক’ এবং ২০১৬ সালে ‘মাদার তেরেসা পদক’ লাভ করেন।

মনোনয়ন প্রাপ্তিতে অনুভূতি ব্যক্ত করে বিপ্লব কুমার মালো বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি দেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষের অধিকার ও অন্তর্ভুক্তি প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি। একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখি, এই অর্জন সেই লড়াইকে আরও বেগবান করবে।”

তিনি জানান, অ্যাওয়ার্ডটির জন্য আগামী ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে ভোটিং উন্মুক্ত থাকবে। তিনি দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করে তাঁর পক্ষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

(ডিসি/এসপি/জুলাই ২১, ২০২৬)