স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : নতুনধারা বাংলাদেশ এনডিবির নারায়ণগঞ্জ শাখার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত, হামলা-হুমকির প্রতিবাদ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেন, নারায়ণগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক জামান সরকার-এর ওপর হামলা চালানো হয়েছে ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং সারা বাংলাদেশে নতুনধারার নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা। তিনি বলেন, রাজনীতিতে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ভয়-ভীতি, হামলা ও সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, নতুনধারার নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এ ধরনের ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। পাশাপাশি তিনি সকল রাজনৈতিক কর্মসূচিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মনির জামান, ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মোল্লা, মানবাধিকার বাংলাদেশ-এর মহাসচিব সোনিয়া দেওয়ান প্রীতিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

(এসডি/এসপি/জুলাই ২২, ২০২৬)