পাবনা প্রতিনিধি : পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুক‚লচন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান স্মারকলিপিটি গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, হিমাইতপুরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুক‚লচন্দ্র সৎসঙ্গ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের কাছে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি এবং একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছেন এবং ঠাকুরের জন্মস্থানের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

বক্তারা আরও দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় শ্রী শ্রী ঠাকুর অনুক‚লচন্দ্র সৎসঙ্গের নামে পাবনার হিমাইতপুরে ঠাকুরের জন্মস্থান হিসেবে ০.১৫ একর জমি প্রদান করা হয়েছিল। ওই জমি যথাযথভাবে হস্তান্তর এবং সৎসঙ্গের ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের পক্ষে বক্তব্য দেন আফজাল হোসেন, মান্নান মালিথা, আবুল কালামসহ আরও অনেকে।

(এফআর/এসপি/জুলাই ২২, ২০২৬)