মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মানবপাচারচক্রের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-১০। 

আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে ঢাকার কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকায় র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার জুলহাস সরদার (৫০) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। তিনি দ্বীর্ঘদিন ধরে ইতালীসহ নানা দেশে মানবপাচার কাজে জড়িত আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর রাজৈরের বাসিন্দা আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাস সরদারসহ ৯ জনের একটি চক্র। ইতালি না পাঠিয়ে লিবিয়া আটকে মাফিয়াদের হাতে তুলে দেয় দালালচক্র। পরে ওই যুবকের ওপর নির্মম শারিরিক নির্যাতন করা হয়। আরমানকে বাঁচাতে তার পরিবার কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয়।পরবর্তীতে দালালচক্র আরো টাকা দাবী করেন। তাই এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় দালালচক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতারের পর আইনী প্রক্রিয়া শেষে রাজৈর থানায় হস্তান্তর করে র‌্যাব-৮ ও র‌্যাব-১০। দুপুরে জুলহাসকে আদালতে তোলা হলে কারাগারে প্রেরণ করেন বিচারক।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মানবপাচার আইনে দায়ের করা মামলার প্রধান আসামি জুলহাসকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই আদালতে অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। গ্রেফতার জুলহাসের বিরুদ্ধে মানবপাচার ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ১৫টি মামলা আছে।

(এএসএ/এসপি/জুলাই ২২, ২০২৬)