শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক অংশগ্রহণে তরুণদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে দিনাজপুরের খানসামায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ক্যাম্পেইন ২০২৬। বণার্ঢ্য র‌্যালি, শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি সম্পন্ন হয়।

আজ বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)-এর আয়োজনে এবং দাতা সংস্থা নেটজ বাংলাদেশ-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি। সকাল সাড়ে ১০টায় খানসামা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস র‌্যালির উদ্বোধন করেন। পরে র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে নারী-পুরুষের সমঅধিকার, নারী ও কন্যাশিশুর অধিকার, বৈষম্য দূরীকরণ এবং সামাজিক সম্প্রীতির বিভিন্ন বার্তাসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন অংশগ্রহণকারীরা। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমতার বার্তাবাহী এ আয়োজন পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে।

র‌্যালি শেষে উপজেলার ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। তাদের সৃজনশীল উপস্থাপনায় উঠে আসে নারী-পুরুষের সমঅধিকার, কন্যাশিশুর নিরাপত্তা, বৈষম্যহীন সমাজ এবং সামাজিক সম্প্রীতির নানা দিক। আয়োজকদের মতে, এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে।

এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, উপজেলা বিএনপির সদস্য সাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল, ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজুল ইসলাম, প্রকল্প পরিচালক রাকিবা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও সমতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার এবং সামাজিক অংশগ্রহণ বিষয়ে তরুণদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এ জাতীয় ক্যাম্পেইনের মূল লক্ষ্য। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ এবং সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

দিনব্যাপী অনুষ্ঠিত এ জাতীয় ক্যাম্পেইনে সিএসও সদস্য, উপজেলার ছয়টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় দেড় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। সমতার বার্তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

(এসএস/এসপি/জুলাই ২২, ২০২৬)