এবার বয়সভিত্তিক ক্রিকেটে পরামর্শকের দায়িত্বে সুজন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ। দুই বছরের চুক্তিতে এই দায়িত্ব পালন করবেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খালেদ মাহমুদ জানান, বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি।
খালেদ মাহমুদ বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করতে আমি সবসময়ই আগ্রহী ছিলাম। কোচিং জীবনের বেশিরভাগ সময়ই আমি ডেভেলপমেন্ট ও বয়সভিত্তিক ক্রিকেটে কাজ করেছি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান থাকাকালে এই পর্যায়ের ক্রিকেটারদের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপও জিতেছিল।
বোর্ড ছাড়ার পরও মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কাজ করেছি। নতুন এই দায়িত্ব আমার জন্য আদর্শ। আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারব।’
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যখন প্রথমবারের মতো শিরোপা জেতে, তখন বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ। বয়সভিত্তিক ক্রিকেটে তার সেই অবদান বিবেচনায় নিয়েই তাকে আবারও এই দায়িত্বে ফিরিয়ে এনেছে বোর্ড।
৫৪ বছর বয়সী খালেদ মাহমুদ এর আগে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আগের বোর্ডের সময়ে একাধিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
(ওএস/এএস/জুলাই ২৩, ২০২৬)
