ফুলপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
জানা যায়, বিগত ২০২১ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ফুলপুরে যোগদান করেন আব্দুস সালাম। পরে ২০২২ সালে ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পান।
স্থানীয়দের অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ছয় বছর যাবত একই স্টেশনে অবস্থান করছেন। যার ফলে একজন বিসিএস ক্যাডার পদের সেবা হতে ফুলপুরবাসী বঞ্চিত রয়েছেন। ভারপ্রাপ্ত পঃ পঃ কর্মকর্তা আব্দুস সালাম সুদূর নেত্রকোনা থেকে কর্মস্থলে এসে সপ্তাহে মাত্র ২/৩ দিন অফিস করেন। এমনকি তার উপস্থিতির দিন অফিস চলাকালীন সময়েও তাকে ঠিকমতো পাওয়া যায়না। দীর্ঘদিন ধরে একই স্টেশনে অবস্থানের ফলে তার স্বেচ্ছাচারিতা দিন দিন বেড়েই চলেছে। স্বেচ্ছাচারিতার কারণে নিজ কক্ষের সামনে টানানো নেমপ্লেটে ভারপ্রাপ্ত শব্দটি আজও ব্যবহার করেননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একজন কর্মচারী জানান, প্রতিবছর অফিসের আসবাবপত্র ক্রয় ও মেরামত বাবদ বরাদ্দ থাকলেও এযাবৎ কোনো ধরনের কেনাকাটা করেননি আব্দুস সালাম। কিন্তুুু আসবাবপত্র ক্রয় ও মেরামত বাবদ বিল উত্তোলন করেছেন নিয়মিত। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে পরিদর্শনে না গিয়েও টিএ-ডিএ বিল উত্তোলন করেছেন অনেকবার। বিগত সময়ে নেত্রকোনার কেন্দুয়া থানায় উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী পদে থাকাকালীন অর্থ কেলেঙ্কারির দায়ে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন হয়েছিল। পরে ৭৬ জন কর্মচারীর লিখিত অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পানিসমেন্ট বদলি হয় তার। কিন্তুু আওয়ামী ঘরানার এ কর্মকর্তা দলীয় আশীর্বাদে উপর মহলকে ম্যানেজ করে আবারও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় বদলি হন। পরবর্তীতে পূর্বধলা থেকে বদলি হয়ে ফুলপুরে যোগদান করেন।
বিশেষ সূত্রে জানা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সালামের রুক্ষ ও কর্কশ ব্যবহারে বিভিন্ন ইউনিয়নে মাঠ পর্যায়ে সেবাদানকারী ১০ জনের অধিক পরিবার কল্যাণ সহকারী স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন। যার কারণে বিভাগীয় সেবা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস- ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ কর্মী নির্বাচনেও তার অনিয়মের কমতি ছিলনা। নিজ এলাকায় অবস্থান করেন না এমন ব্যক্তিকে শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত করেছেন। তার অনিয়ম ও অদক্ষতার কারণে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা থেকে ফুলপুরবাসী বঞ্চিত রয়েছেন।
তবে অভিযোগের সকল বিষয় অস্বীকার করে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিতে যুক্ত নই। আল্লাহ এসব মিথ্যাচারের বিচার করবেন।
(এসআই/এসপি/জুলাই ২৩, ২০২৬)
