বিএনপির আইন সম্পাদক মনোনীত, ব্যারিস্টার বদরুদ্দোজাকে জামালপুরে সংবর্ধনা
রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে সংবর্ধনা দিয়েছে জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জামালপুরের কৃতি সন্তান।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ এস. এম. তৌফিকুল ইসলাম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আ. হাই (১) এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু।
সংবর্ধিত অতিথি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল তাঁর বক্তব্যে দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনজীবীদের ঐক্য, গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনিযুক্ত নেতার সফলতা কামনা করেন।
(আরআর/এসপি/জুলাই ২৩, ২০২৬)
