‘বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার বিকল্প নেই’
একে আজাদ, রাজবাড়ী : বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই বলে দাবী করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি বলেছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। খেলাধুলা, সংস্কৃতি এবং স্বাস্থ্যসচেতনতা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ বৃহস্পতিবার বিকেলে কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বাস্থ্যবিধি চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ আরও বেগবান হবে বলে আমরা আশা করি।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম তুলে দেওয়া হয়।
(একে/এসপি/জুলাই ২৩, ২০২৬)
