জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনির সঙ্গে সদরঘাট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের কোলাকুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা যায়, ২৪ জুলাই বিকেল ৩টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ নেতা হায়দার আলী রনির সঙ্গে কোলাকুলি করেন ওসি মুহাম্মদ শরীফ।

এ সময় চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ রাজা, খোয়াজনগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাসমতসহ আওয়ামী লীগের একাধিক নেতাকেও সেখানে দেখা যায়।

হায়দার আলী রনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৬ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

অন্যদিকে, সদরঘাট থানায় ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় গত ৫ জুলাই মুহাম্মদ শরীফকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের কথাও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এর আগে মুহাম্মদ শরীফ সিএমপির কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানেও দায়িত্ব পালনকালে তাকে ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়। এর আগে তিনি সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগে পুলিশ পরিদর্শক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করেন।

তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তিনি চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার এলাকায় বসবাস করেন। সেখানে তার একটি বিলাসবহুল বাড়ি নির্মাণের বিষয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় মুহাম্মদ শরীফের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, চাঁদাবাজি, দুর্নীতি, মামলার আলামত গায়েব এবং রাজনৈতিক নেতার পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ ওঠে।

এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

এদিকে, দায়িত্ব থেকে প্রত্যাহারের পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রকাশ্যে কোলাকুলির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা ব্যক্তিদের সঙ্গে ওসি শরীফের সাক্ষাতের কারণ ও প্রেক্ষাপট তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ারউদ্দিন বলেন, ‘কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতাদের সক্রিয় হওয়ার বিষয়টি অনেকেই জানিয়েছেন। আমি খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেব।’

(জেজে/এসপি/জুলাই ২৪, ২০২৬)