নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তরিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মিথ্যা মামলা, অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে যুবদল নেতা তরিকুল ইসলামের ঈশানগাতী গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: তরিকুল ইসলাম। এ সময় কাশিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা মো: তরিকুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজনৈতিক ও সামাজিকভাবে আমিসহ আমার পরিবারের সদস্যদের সম্মান ক্ষুন্ন ও হয়রানির উদ্দেশ্যে কাশিপুর ইউনিয়নের পতিত আওয়ামী লীগের নেতাদের নেপথ্য সহযোগিতায় প্রতিবেশী মিলন মোল্যার স্ত্রী শিউলি বেগম আমিসহ আমার পরিবারের সদস্যদের নামে তিনটি পৃথক মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আমিসহ সকল আসামি বর্তমানে জামিনে রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি দায়েরকৃত মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম আরও বলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির গড়ে ওঠা সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য পতিত আওয়ামী লীগ নেতাদের ইন্ধনে গুটি কয়েক মহিলাদের বাদী করে এহেন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করে অপপ্রচার ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: নায়েব আলী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো : ওলিয়ার রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, বিএনপি নেতা মো: কোবাদ হোসেন খান ও ভুক্তভোগী আসাদুজ্জামান ওরফে কেসমতসহ প্রমূখ।
(আরএম/এসপি/জুলাই ২৫, ২০২৬)
