রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে মনি মিয়া শেখ (৪৩) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানষ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে নিহতের স্বজন ও এলাকাবাসীর আয়োজনে নড়াগাতী থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডে সদস্য। তিনি চরজয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।

মানববন্ধনে নিহত মনি মিয়ার বৃদ্ধ মা ফরিদা বেগম, স্ত্রী মনিকা বেগম, মেয়ে বৈশাখী খানম, ছেলে নিশান শেখ, বড় ভাই পিরু মিয়া শেখ, বোন লিলি বেগমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় পুঠিমারি বাজার থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য মনি মিয়াকে পানিপাড়া এলাকায় প্রতিপক্ষ আনসার জমাদ্দার, মামুন জমাদ্দার, ইসরাফিল, সদর শেখ, সাদ্দাম, রাজু, রোমান, ফহম সিকদারসহ তাদের লোকজন কুপিয়ে হত্যা করে।

বক্তারা বলেন, মনি মিয়া হত্যাকাণ্ডের প্রায় এক বছর আগে তার পক্ষের আকরামকেও কুপিয়ে হত্যা করে আনসার জমাদ্দারের লোকজন। দীর্ঘ এক বছরেও আকরাম হত্যার বিচার পাননি তার পরিবার ও এলাকাবাসী।

বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবি করেন। অন্যথায় তিনদিন পর আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

নিহত মনি মিয়ার মেয়ে বৈশাখী (১৯) জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় পুঠিমারি বাজার থেকে দুইজন সঙ্গীসহ বাড়িতে ফেরার পথিমধ্যে পানিপাড়া গ্রামের জাহিদ মেম্বারের বাড়ির সামনের রাস্তায় তার বাবার হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। ঢাকায় নেয়ার পর মারা শুক্রবার ভোরে তিনি মারা যান। শনিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে মনি মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বৈশাখী বলেন, জ্বরের ওষুধ কিনতে গিয়ে বাড়ি ফেরার পথে ঘাতকরা আমার বাবার প্রাণ কেড়ে নিয়েছে। আব্বু ছাড়া আমাদের দেখার কেউ নেই। আমি এখন কলেজে পড়ছি। আমার ছোট ভাই নিশান নবম শ্রেণিতে পড়ে। আর এক বছরের আরেক ভাই আছে। আমরা এখন কী করব? কে ধরবে সংসারের হাল?

নিহত ইউপি মেম্বার মনি মিয়ার স্ত্রী মনিকা বেগম আহাজারি করে বলেন, তিনটি সন্তান নিয়ে এখন আমি কী করব ? কোথায় গিয়ে ঠাঁই পাব ?

নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ সরকার বলেন, মনি মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত মামলা দায়ের হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(আরএম/এএস/জুলাই ২৬, ২০২৬)