চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এর অপসারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে শ্যামনগর উপজেলা সদরে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল বাবলাতলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম,এম প্লাজার সামনের সড়কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আজিজুল ইসলাম, অ্যাডভোকেট শফিউল আযম শফি, প্রবীণ রাজনৈতিক জিন্নাত আলী গাজী, মহাইমিনুল ইসলাম, গোলাম মোস্তফা, আব্দুস সালাম প্রমুখ। এসময় শত শত স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, এমপি গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডে গোটা শ্যামনগরবাসী লজ্জিত। তার এই পাপের দায়ভার থেকে শ্যামনগরবাসীকে মুক্তি দিতে এখনি তার পদত্যাগ করা উচিৎ। আমরা মাননীয় স্পিকারের কাছে দাবী জানাই, অনতিবিলম্বে গাজী নজরুলকে সংসদ থেকে অপসারণ চাই। যাতে পবিত্র সংসদ সহ শ্যামনগর বাসী কলংক মুক্ত হয়।
(আরকে/এসপি/জুলাই ২৬, ২০২৬)
