‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে চালককে জিম্মি করে ছিনতাই চেষ্টার অভিযোগে চক্রের ৩ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। গত শুক্রবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের দেবাশুর পটুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের মোল্লাদী পশ্চিমপাড়া গ্রামের আলী শেখের ছেলে সুজন শেখ (২৭), গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের চর কলপুর গ্রামের মিন্টু শেখের ছেলে বায়জিদ শেখ (২৩) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে রাজিব শেখ (২৬)।
এ ঘটনায় শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইজিবাইক চালক সুবীর বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেছেন।
মামলার বাদী সুবীর বিশ্বাস জনেনে , ২৪ জুলাই বিকেলে ওই ৩ যুবক গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর বাজার থেকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি চিত্ত ঠাকুর কবিরাজ বাড়িতে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করেন। সেখানে কবিরাজের সঙ্গে দেখা করেন । বিকেল ৫টার দিকে গান্ধিয়াশুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। দেবাশুর এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে প্রস্রাব করার কথা বলে তারা তাকে ইজিবাইক থামাতে বলে। ইজিবাইক থামালে ৩ যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং মারধর করে ইজিবাইক ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ৩ জনকে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে রামদিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।’
(বি/এসপি/জুলাই ২৬, ২০২৬)
