সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, নজরুল ইসলাম ১৯৫৩ সালের ১৭ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ি গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবার নাম আব্দুল জব্বার। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের সুলতান পুর এলাকায় বসবাস করতেন। নজরুল ইসলাম ২০১৩ সাল থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করছিলেন। এরপর ২০১৭ সাল থেকে ২০২৪ সালের ৪ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসাবে দ্বায়িত্ব পালন করেন। ৫ আগষ্টে গনঅভ্যুথানে আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার হয়েছে বলে তিনি শুনেছেন। তার নামে হত্যা সহ কয়েকটি মামলা রয়েছে।
(আরকে/এসপি/জুলাই ২৭, ২০২৬)
