স্টাফ রিপোর্টার : দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকার কঠোর নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে কৃষিপণ্যের উৎপাদনের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে আরও বেশি কৃষিপণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, কৃষি খাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী করতে গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনের মান বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে।

পরিদর্শন শেষে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভায় কৃষি গবেষণা জোরদার, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০২৬)