বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী কার্তিক পোদ্দার জীবন সংগ্রামের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। শারীরিক সীমাবদ্ধতাকে কখনোই নিজের পথের বাধা হতে দেননি তিনি। 

ইচ্ছাশক্তি, পরিশ্রম ও দক্ষতাকে পুঁজি করে বাঁশ ও কঞ্চি দিয়ে তৈরি করছেন নানা ধরনের গৃহস্থালী সামগ্রী। স্থানীয় কোন বাজারে নয়, মহল্লার মানুষের কাছে তিনি যে যা দেন তাতেই বিক্রি করেন তার হাতে তৈরি জিনিস। বাঁশ ও কঞ্চির নিপুণ কারুকাজে কার্তিক পোদ্দার তৈরি করেন ঝুড়ি, মুরগির ঝাঁকা, খালোইসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। তার হাতে তৈরি পণ্য যেমন মজবুত ও টেকসই, তেমনি দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে।

স্থানীয়দের ভাষ্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কার্তিক কখনো হাল ছাড়েননি। পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে তিনি শুধু নিজের জীবিকাই নিশ্চিত করেননি, সমাজের কাছেও একজন পরিশ্রমী ও আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

তার সংগ্রামী জীবন অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস। কার্তিক পোদ্দার রাহাতপুর গ্রামের মৃত প্রিয়নাথ পোদ্দারের ছেলে।

এ বিষয়ে কার্তিক পোদ্দার বলেন, যা ইনকাম করি আমার পকেট খরচ চলে আর কিছু টাকা বাড়ীতে দেই।

তার ভায়ের স্ত্রী বিলা রাণী পোদ্দার জানান, কার্তিক একজন প্রতিবন্ধী,তার রান্না খাবারের ব্যবস্থা আমি করি।

(বিএস/এসপি/জুলাই ২৯, ২০২৬)