মুখোমুখি দুই ট্রেন দেখে যাত্রীদের আতঙ্ক, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত ৪
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি ট্রেন। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় কয়েক জন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন ট্রেন যাত্রী আহত হন। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে অল্পের জন্য এড়ানো গেছে বড় ধরনের রেল দুর্ঘটনা। আজ বুধবার সকালের দিকে সুখানপুকুর রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় বিপরীত দিক সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটিও একই লাইনে চলে আসে। মুহূর্তের মধ্যে দুটি ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন যাত্রী আহত হন।খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য স্টেশন এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও চালকদের সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার না দেওয়ার আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে।
(বিএস/এসপি/জুলাই ২৯, ২০২৬)
