বিনোদন ডেস্ক : আগামী ১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের একক কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’। তবে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানটি আবারও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।

বুধবার (২৯ জুলাই) রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। কিন্তু সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আকস্মিক সিদ্ধান্তে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, স্পন্সর, অংশীদার ও সংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছেন। তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তা মেনে নেওয়া হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কনসার্টের সব টিকিটধারীকে অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন ঢাকায় অনুপম রায়ের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়। পরে ১ আগস্ট নতুন তারিখ ঘোষণা করা হলে সেটিও শেষ পর্যন্ত স্থগিত হলো।

(ওএস/এএস/জুলাই ৩০, ২০২৬)