বাকিতে মদ কেনার টাকা পরিশোধ করছেন টাঙ্গাইলের এডিসি, ভিডিও ভাইরাল
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের মাদকের টাকা লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বাকিতে মদ কেনার টাকা পরিশোধ করছেন নিজ কার্যালয়ে বসে। মানিব্যাগ থেকে টাকা বের করে কাউকে দিচ্ছেন তিনি- এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত মঙ্গলবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টাঙ্গাইলসহ আশেপাশের জেলাগুলোতে তোলপাড় শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন মাদকের বিষয়ে আলোচনা করছেন। একপর্যায়ে তাকে মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে মদ কেনার টাকা কারও হাতে দিতে দেখা যায়।টাকা গ্রহীতা এসময় কেরু অ্যান্ড কোম্পানির নাম উল্লেখ করেন।
তবে ভিডিওর বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও সাড়া দেননি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনিও ফোন ধরেননি।
এ বিষয়ে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা ভাইরাল হওয়া ভিডিও যাচাই-বাছাই পূর্বক এডিসির শাস্তি দাবি করেন ও অভিযুক্তের ডোপটেষ্ট করার জোর দাবি জানান।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ বলেন, ‘রক্ষক যদি ভক্ষক হয়, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’
(এসএম/এসপি/জুলাই ৩০, ২০২৬)
