আ. লীগ নেতা সাংবাদিক মেহের মামুনের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাংবাদিক মেহের মামুন। আজ বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
এসময় তিনি সাংবাদিকদের লিখিত বক্তব্যে জানান, আমার অনুপস্থিতিতে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সদস্য করা হয়েছিল। এই কমিটিতে আমি যুক্ত ছিলাম যেটা আমার জানাছিলো না। আমি কোনদিন রাজনৈতিক কোন কর্মকান্ডের সাথে যুক্ত ছিলাম না। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। আমি দৈনিক আমার সংবাদ পত্রিকার মুকসুদপুর প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা হিসাবে মুকসুদপুরে কর্মরত রয়েছি। এছাড়াও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সদস্য এবং মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতার স্বার্থে কোনো রাজনৈতিক দলের পদে থাকা সমীচীন মনে করছি না।
এমতাবস্থায়, আমি মুকসুদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এই সিদ্ধান্তকে সম্মানপূর্বক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
(টিবি/এসপি/জুলাই ৩০, ২০২৬)
