লতিফ সিদ্দিকী কারাগারে
স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুপুর ১টার দিকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজত থেকে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে আনা হয়।
আদালতে উপস্থাপনের আগে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়।
এর আগে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ডিবি হেফাজতে ছিলেন।
গত সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই মামলার ১০ নম্বর আসামি আবদুল লতিফ সিদ্দিকী।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় সংঘটিত গণহত্যার পরিকল্পনাকারীদের অন্যতম হিসেবে মামলায় লতিফ সিদ্দিকীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিন ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী।
(ওএস/এএস/জুলাই ৩১, ২০২৬)
