টুঙ্গিপাড়ায় ৩৬ জুলাই স্মরণে নির্মিত সেই তোরণে ফের আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত "৩৬ জুলাই গণঅভ্যুত্থান" তোরণে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ।
রবিবার (২ আগস্ট) গভীর রাতে কে বা কারা পূণরায় সেই তোরণে আগুন ধরিয়ে দেয়। এতে এরআগে শনিবার (১ জুলাই) রাতে দেয়া আগুনে না পোড়া বাকি অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে আনুমানিক রাত ১২ টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও পদবীর কিছু অংশ পুড়ে যায়। পরদিন রোববার গভীর রাতে সেই তোরণের বাকি অংশটুকুতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক ইয়েন মুন্সী বলেন, শনিবার দুপুরে তোরনটি নির্মাণ করার পর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরদিন রবিবার রাতে না পোড়া অংশটুকুতে আবারও আগুন ধরিয়ে দেয়া হয়। আমরা জুলাই গণঅভ্যুত্থানের নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরনে তোরণটি নির্মান করেছিলাম। পরপর দুইবার তোরণটিতে আগুন দেয়ার মধ্যে দিয়ে জুলাই যোদ্ধাদের চরম অপমান করা হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানাই।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, প্রথমবার তোরণটিতে আগুন দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিলো। সোমবার আবার জানতে পারি সেই তোরণটিতে আবার আগুন দেয়া হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে জড়িতদের সনাক্ত করার কাজ শুরু করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি।
(টিবি/এএস/আগস্ট ০৩, ২০২৬)
