মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়-৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ কন্দ, রাসায়নিক সার, কীটনাশক ও বীজ সংরক্ষণের ড্রাম বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেতবতী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সুব্রত সেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমূর আলী মৃধা, কাজী সালিমুল হক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ইউনুস আলী সরদার, প্রেসক্লাব মহম্মদপুরের (ভারপ্রাপ্ত) সভাপতি মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তাসহ প্রণোদনাপ্রাপ্ত কৃষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায় বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং কৃষকদের নিজস্ব বীজ উৎপাদন ও সংরক্ষণে সক্ষম করে তুলতেই এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে কৃষকদের বীজের জন্য অন্য কোনো সংস্থার ওপর নির্ভরশীলতা কমবে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, নির্বাচিত ৬০ জন কৃষকের প্রত্যেককে ১৬০ কেজি (৪ মণ) পেঁয়াজ কন্দ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, ১ কেজি কীটনাশক এবং একটি করে বীজ সংরক্ষণ পাত্র (ড্রাম) বিনামূল্যে প্রদান করা হয়েছে।

(বিএসআর/এএস/আগস্ট ০৩, ২০২৬)