সাংবাদিককে মারপিটের মামলায় ইজিবাইক চালক গ্রেফতার
একে আজাদ, রাজবাড়ী : দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের রাজবাড়ী প্রতিনিধি আকাশ মাহমুদের ওপর হামলার সাথে জড়িত বিশু সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত বিশু সরদার জেলার পাংশা উপজেলার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে। সে পেশায় ইজিবাইক চালক।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত ২৫ জুলাই বিকালে সাংবাদিক আকাশ মাহমুদ পাংশা মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী ইজিবাইক চালকদের সাথে কিছু লোকজনের সংঘর্ষের ভিডিও ধারণ করতে যায়।
ওই ভিডিও ধারণ করার কারণে অজ্ঞাতনামা ব্যক্তিরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলা করেন। ওই ঘটনায় আকাশ মাহমুদ পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসাবে বিশু সরদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে
(একে/এএস/আগস্ট ০৫, ২০২৬)
