রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় একটি বাল্কহেডসহ দুই জনকে আটক করে স্থানীয়রা। মঙ্গলবার (৪ আগস্ট) রাতের দিকে উপজেলার ঝাঁপালি এলাকা থেকে বাল্কহেডটি আটক করে নওয়াবেঁকী ফেরিঘাটে নিয়ে যায়। 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন রাত ১২ টার সময় ঘটনা স্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম, সেকেন্ড অফিস বিপ্লব হোসেন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, সালাম ও নাহিদসহ কয়েকজন ব্যক্তি অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় বাল্কহেডটি আটক করেন।

বালু উত্তোলন কারিরা বলেন, শ্যামনগর উপজেলায় নদী থেকে অহরহ বালু উত্তোলন করা হলেও তাদের আটক করা হয় না। কালীগঞ্জ উপজেলা বাল্কহেড হওয়ায় তারা বাল্কহেড আটক করেছে। তারা আরও বলেন, নাহিদ নামের একটা ব্যক্তিকে প্রতি ফুট বালু বাবদ আড়াই টাকা করে দিয়ে এর আগেও বালু উত্তোলন করেছেন। কিছু দিন পরে আবার বালু কাটতে আসলে তাদের বাল্কহেডটি আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় অভিযুক্ত শেখ সাগরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর তীরবর্তী এলাকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

(আরকে/এসপি/আগস্ট ০৫, ২০২৬)