বিনোদন ডেস্ক : ‘দাদাগিরি’র মঞ্চ ছেড়ে এবার ‘বিগ বস’-এর ঘর সামলাবেন সৌরভ গাঙ্গুলি। অনুষ্ঠানের টিজার প্রকাশ্যে আসতেই যেন পাওয়া গেল বড় চমক।

নতুন রূপে সৌরভকে দেখার জন্য এমনিতেই মুখিয়ে রয়েছে অনুরাগীরা। সবার প্রশ্ন কবে থেকে সম্প্রচার হবে এই অনুষ্ঠান?

‘বিগ বস’-এর ঘরের সম্ভাব্য প্রতিযোগী কারা, কাদের কাছেই বা গেছে প্রস্তাব, তা নিয়েও আলোচনার শেষ নেই।

টলিউড ইন্ডাস্ট্রির একাধিক নাম শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত চ্যানেলের তরফে কোনও কিছুই কনফার্ম করা হয়নি।

টিজারে সৌরভকে বলতে শোনা যাচ্ছে, ‘একটা সময় ছিল যখন সারা দুনিয়া বাঙালি বলতেই বুঝত একটা জাতি যারা নির্ভয়, লড়াকু। এমন কোনও পুরস্কার বা প্রতিযোগিতা নেই, যেটা বাঙালি জিততে পারেনি।
প্রতিযোগিতা আমাদের দুর্বল করে না। আমাদের তৈরি করে। এবার আবারও বাঙালির গর্জে ওঠার পালা। বাঙালি দেখাবে দিনবদলের খেলা। আর নতুন বাঙালির এই লড়াই দুর্গ জেতার জন্য। কারণ, দুর্গ জয় সহজ নয়। এখানে ঢোকা যত কঠিন, টিকে থাকা আরও শক্ত। আর জেতা? সেটা জানতে দেখুন এবারের বাংলা বিগ বস।’

শুধু ‘বিগ বস’ বাংলা নয়, হিন্দি সিজন ২০-এর টিজারেও সালমান খানের কথায় নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এবার শাহরুখও থাকতে পারেন বলিউড ভাইজানের সঙ্গে। হিন্দি ও বাংলার পাশাপাশি ‘বিগ বস’ শুরু হতে চলেছে তামিল, তেলুগু, কন্নড় ভাষায়ও। যেখানে বিজয় সেতুপতি, নাগার্জুনা, মোহনলালের মতো তারকাদের ওপর থাকছে সঞ্চালনার দায়িত্ব।

(ওএস/এএস/আগস্ট ০৬, ২০২৬)