রাজন্য রুহানি, জামালপুর : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

৫ আগস্ট বিকেলে শহরের স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয় র‍্যালিটি। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালির আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ লোটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা যুবদলের আহবায়ক সজিব খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

এদিকে একই উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা বিএনপিও বিজয় র‍্যালি ও সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিপূর্ব সমাবেশে নেতারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

অপরদিকে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের বটতলা মোড়ে যুবদলের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।
সভায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

(আরআর/এএস/আগস্ট ০৬, ২০২৬)