সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক আজিজুর হত্যা মামলার মূল আসামী মোঃ শাকিল মুন্সী (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) ভোররাতে ডিএমপি চক বাজার থানা এলাকা থেকে র্যা ব-১০ এর সহায়তায় গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত শাকিল মুন্সী উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলার ১ নম্বর আসামী শাকিল মুন্সিকে ডিএমপি চক বাজার থানা এলাকা থেকে র্যা ব-১০ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুরের লিচু বাগান পাহারা দেওয়ার জন্য তৈরি করা টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন ও জোর করে লিচু পেরে খেতেন পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে শাকিল মুন্সি ও তার সহযোগীরা। গত ১৩ মে বিকেলে তাদের মাদক সেবন ও লিচু পারায় বাঁধা দেন বাগান মালিক আজিজুরের ছেলে আকরাম মোল্লা। এতে ক্ষুব্ধ হয়ে আকরামকে মারধর করেন শাকিল ও তার সহযোগীরা। এর জেরধরে বাগান মালিক আজিজুলের ওপর হামলা চালান শাকিল ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে গত ১৫ মে সালথা থানায় মামলা করেন। মামলায় ১৫ জনকে আসামি করা হয়।

(এএনএইচ/এএস/আগস্ট ০৬, ২০২৬)