পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ
ফেসবুক পোস্টের প্রতিবাদে বিএনপি-যুবদল নেতার সংবাদ সম্মেলন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদাবাজি ও পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়ের বিষয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও যুবদল নেতা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খা ও একই ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ভূয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের বিষয়ে যে পোস্ট করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব প্রচার করছে।
বিএনপি নেতা অলিউর ও যুবদল নেতা শেহাব চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমরা কখনো কোনো ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ বা পুলিশের নাম ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করিনি। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখুক, যদি এমন কোন প্রমান পায় তাহলে তারা যে শাস্তি দেবে তা মাথা পেতে নেবো। এছাড়া যারা ফেসবুকে অপপ্রচার করছে তাদের কাছে যদি প্রমান থাকে সেটা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করুক।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ মঙ্গলবার (৪ আগস্ট) "নিউজ বাংলা" নামের একটি ফেসবুক আইডিতে টুঙ্গিপাড়ার বর্নি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান খা ও একই ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজি ও পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের পোস্টটি করা হয়। তারই প্রতিবাদে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সংবাদ সম্মেলন করেন তারা।
(বি/এসপি/আগস্ট ০৬, ২০২৬)
