ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, দল থেকে বহিষ্কার
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে ৮০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তারের পর মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার ও সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
এর আগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকা থেকে সোলায়মান ইসলাম ও তার এক সহযোগীকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
বহিষ্কৃত ওই নেতা মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সোলায়মান ইসলামকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ আগস্ট সন্ধ্যায় পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় দুই ব্যক্তি। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। আদালতের তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।
(আরআর/এসপি/আগস্ট ০৬, ২০২৬)
