তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের ৬ নেতা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন— গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিরাজ মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খন্দকার এবং সদস্য হারেজ মোল্লা।

লিখিত বক্তব্যে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে দলীয় সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে ব্যক্তিগত ও শারীরিক পরিস্থিতি বিবেচনায় তারা স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও বলেন, তাদের এ সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত এবং ব্যক্তিগত। কোনো ব্যক্তি বা মহলের চাপ, প্ররোচনা কিংবা প্রভাবের কারণে নয়; শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

(বি/এসপি/আগস্ট ০৬, ২০২৬)