নড়াইলে গৃহবধূ সুরাইয়া হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি
রূপক মুখার্জি, নড়াইল : লোহাগড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ সুরাইয়া খানম জোনাকি হত্যা মামলার প্রধান আসামীসহ সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করফা চরপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুরাইয়া খানমের মা আম্বিয়া বেগম, নিহত সুরাইয়ার ভাই জিয়াউর রহমান, হাওয়া বেগম, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিসাম উদ্দীন, ইউপি সদস্য মোঃ ইমদাদুল হক মল্লিক, মোঃ জাকির হোসেন সহ প্রমুখ।
বক্তারা বলেন, 'গত ২ আগষ্ট দুপুরে করফা চরপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী নির্মাণ শ্রমিক জসিম শেখের হাতুড়ির আঘাতে খুন হয় গৃহবধূ সুরাইয়া বেগম (২৮)। হত্যাকান্ডের পর অভিযুক্ত স্বামী জসিম শেখ কৌশলে লোহাগড়া থানায় এসে আত্নসমর্পণ করে।
এ ঘটনায় ৩ আগষ্ট নিহতের ভাই জিয়াউর রহমান বাদি হয়ে জসিমসহ তার পিতা মোমরেজ শেখ, মা পুতুল বেগম ও খালা পলি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকান্ডের পর পুলিশ মামলার এজাহারভুক্ত কোন আসামীকে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন, 'দ্রুততম সময়ের মধ্যে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেফতার করতে হবে, অন্যথায় থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার সড়ক প্রদক্ষিণ করে।
(আরএম/এসপি/আগস্ট ০৬, ২০২৬)
