স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে কটূক্তি ও সমালোচনার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, "আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অভিভাবক, বাংলাদেশের কর্ণধার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এ দেশের মানুষ এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন। কোনো অপপ্রচার বা চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।"

তিনি আরও বলেন, "আমি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, সবাই ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকবেন। ভবিষ্যতে যদি এনসিপির কোনো নেতা বা কর্মী কিংবা অন্য কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মিথ্যা, কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর বক্তব্য দেন, তাহলে তার উপযুক্ত রাজনৈতিক জবাব দেওয়া হবে। আমরা কোনো ধরনের অপপ্রচার কিংবা ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না।"

টিপু আরও বলেন, "স্বাধীনতার ঘোষকের ছেলে এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, জনগণ তাঁকে সেই দায়িত্ব দিয়েছে। তাই দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা কখনোই সফল হতে দেওয়া হবে না। দেশের জনগণ গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে এবং জনগণই সব ধরনের ষড়যন্ত্রের জবাব দেবে।"

তিনি নেতাকর্মীদের উদ্দেশে শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি পালন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের পাশে থেকে বিএনপির আদর্শ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফাতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর ২ নম্বর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

(এসডি/এসপি/আগস্ট ০৭, ২০২৬)