রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বিজয় টিভির সাংবাদিক এহসান আলীর মোটরবাইকের লক ভেঙে চুরির চেষ্টা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় নারায়ণপুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।

৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার তিতপল্ল্যা ইউনিয়নের দক্ষিণপাড়ায় ওই সাংবাদিকের বাড়ির সামনে ঘটে এই চুরির চেষ্টা।

বিষয়টি টের পেয়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে ওই দুই ব্যক্তিকে একটি ব্রিজের ওপর থেকে আটক করে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের হনুমানের চর এলাকার মিন্টু মিয়ার ছেলে মো. মুন্না মিয়া (২৪) ও একই এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান মারুফ (২৩)।

এ ঘটনায় থানায় সাংবাদিক এহসান আলীর লিখিত অভিযোগে জানা যায়, 'আমি গত ইং ০৬/০৮/২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ০৭.২০ ঘটিকার সময় আমার ব্যবহৃত মোটরসাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৫৪-৩৯১০ জামালপুর টু মধুপুরগামী মেইন রোড থেকে ১০০ গজ দূরে আমার বসতবাড়ির বাহির আঙ্গিনায় রাখিয়া বাড়িতে যাই। পরবর্তীতে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার আমার বসতবাড়ি হইতে বাহির হইয়া দেখিতে পাই যে, আমার ব্যবহৃত মোটরসাইকেলটির হেন্ডেল লক ভাঙ্গা। কিভাবে কে বা কাহারা এই লক ভাঙ্গল, তাহা খোঁজাখুজির চেষ্টা করিয়া আমার ব্যবহৃত মোটরসাইকেলটিসহ ১নং সাক্ষীকে সঙ্গে নিয়ে মেসার্স বি আর ফিলিং স্টেশনের উত্তর পাশে ব্রীজের উপর অপরিচিত দুইজন ব্যক্তিকে দেখিতে পাইয়া তাহাদের নাম ও ঠিকান জিজ্ঞাসাকালে অনেক লোকজন ভীড় জমায়।'

'কি কারণে তাহারা এই ব্রীজের উপর এসেছে তাহারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় উত্তেজিত জনতা মারপিট করার জন্য উদ্যত হইলে আমি নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ দেই। পুলিশ উত্তেজিত জনতার সামনে থেকে তাহাদের উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। আমার সন্দেহ হয় বর্ণিত বিবাদীদ্বয় আমার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘাড় লক ভেঙ্গে চুরি করিতে চেয়েছিল।'

এ বিষয়ে জানতে নারাণপুর তদন্ত কেন্দ্রের আইসির নম্বরে ফোন করলে এসআই মঞ্জুরুল হক জানান, 'বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

(আরআর/এসপি/আগস্ট ০৭, ২০২৬)