ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলাম (৫৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে গফরগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় তার মরদেহ খুঁজে পান স্বজনরা। নিহত সাইফুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়, গত বুধবার দুপুরে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য নদীতে নামলে তীব্র স্রোতের টানে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল দুই দিন ধরে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার বিকেলে সরকারি উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার সকালে পরিবারের সদস্য ও স্থানীয় ২০-২৫ জন ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে গফরগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি নদীপথে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, ব্রহ্মপুত্রের প্রবল স্রোতের কারণে মরদেহ অনেক দূরে ভেসে গিয়েছিল। তাই স্বজনদের নদীর ভাটির দিকে নজরদারি চালিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত স্বজনরাই মরদেহের সন্ধান পান।

(এন/এসপি/আগস্ট ০৭, ২০২৬)