নগরকান্দায় বিষপানে যুবকের মৃত্যু
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিষপানে অসিম মোল্লা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত অসিম মোল্লা উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের সাইদুল মোল্লার ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। প্রায় দেড় বছর আগে গজারিয়া গ্রামের ইবাদ ফকিরের মেয়ে পিয়া আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে পাঁচ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট অসিম বিষ (পচানী ওষুধ) পান করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নেওয়া হয়। তবে পরে আবার অসুস্থ হয়ে পড়লে সোমবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের শ্বশুর ইবাদ ফকির জানান, ঘটনার দিন অসিম কাজ শেষে রাত ৮টার দিকে বাড়িতে ফেরেন। পরে হঠাৎ স্ত্রী পিয়া আক্তারকে জানান যে তিনি বিষপান করেছেন এবং দ্রুত হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। তখন ঘরে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিবারের দাবি, অসিম বিষপান করেছিলেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
বর্তমানে অসিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের দুই পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
(পিবি/এএস/আগস্ট ০৭, ২০২৬)
