রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রাতের আঁধারে এক কৃষকের ১৬ কাঠা জমির  টমেটো ও কাঁকরোল গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের আড়াই লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিবাগত গভীর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামে এ ঘটনা ঘটলেও শনিবার বিকেল ৫ টা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা যায়নি। ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে।

ঝাপাঘাট গ্রামের কৃষক মহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ১০ বছর ধরে ঝাপাঘাট মাঠে টমেটো, কাঁকরোল, কুল ও কচুরমুখী চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা তার ১০ কাঠা জমির টমেটো গাছ এবং ৬ কাঠা জমির কাঁকরোল গাছ কেটে নষ্ট করে দেয়। বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মহিদুল ইসলামের অভিযোগ এর আগেও প্রায় দুই মাস আগে একইভাবে তার চার কাঠা জমির কাঁকরোল গাছ কেটে নষ্ট করা হয়েছিল। সে সময় উপজেলা কৃষি বিভাগ ও কলারোয়া থানায় অভিযোগ করলেও তিনি কোনো কার্যকর প্রতিকার পাননি।

ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম বলেন, “দুই মাস আগে যখন আমার গাছ কেটে দেওয়া হয়েছিল, তখন যদি সঠিক তদন্ত ও বিচার হতো, তাহলে আজ আবার কেউ এমন ঘটনা ঘটানোর সাহস পেত না। আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “সবজিগাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কলারোয় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক বলেন, “ ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কৃষককে বিভিন্ন কৃষি সহায়তা ও প্রদর্শনীর মাধ্যমে সহযোগিতা করা হবে এবং আমরা তার পাশে থাকব।”

(আরকে/এসপি/আগস্ট ০৮, ২০২৬)