দিনাজপুরে কঠোর নিরাপত্তায় কারবালার স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের শোক মিছিল
শাহ্ আলম শাহী, দিনাজপুর : কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো পবিত্র কারবালার মহান শহীদদের স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের আরবাঈন (চল্লিশা) শোক অনুষ্ঠান ও শোক মিছিল।
আজ শনিবার দুপুরে দিনাজপুর শহরের মিশন রোডস্থ আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ীতে শোক অনুষ্ঠান শেষে শোক মিছিলটি সার্কিট হাউস রোড, বড় ময়দান, জেলা প্রশাসকের কার্যালয় সড়ক, পৌর সভা, রেল স্টেশন, ষষ্ঠীতলা হয়ে পুনরায় ইমামবাড়ীতে এসে শেষ হয়।
শোক মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলী।
শোক মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আগত মাওলানা আফতাব হোসেন নাগবি, শরীয়তপুরের মাওলানা পিয়াল হাসান, বগুড়ার মাওলানা মোজাফফর হোসেন, ঘোড়াঘাটের মাওলানা মাজেদুল ইসলাম, সৈয়দপুরের মেহেদী হাসান,খুলনার মাওলানা মজিবুর রহমান, চট্রগ্রামের মাওলানা মহসিন আলীসহ দূর-দূরান্ত থেকে আগত শিয়া সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ আবাল, বৃদ্ধ, বণিতা।
দিনাজপুরে এ গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজনে শিয়া মুসলিমদের মধ্যে বিপুল উদ্দীপনা ও ঐক্য সঞ্চারিত হয়। কালো পোশাক পরিহিত শিয়া সম্প্রদায়ে অসংখ্য মানুষ দু'হাতে বুক চাপড়িয়ে নির্দিষ্ট ছন্দ উচ্চারণের মাধ্যমে শোক মিছিলে অংশ নেয়।
মিছিলে কালো পোশাক পরিহিত শিয়া সম্প্রদায়ের অসংখ্য মানুষ হাতে বাঁশ, ব্যানার ও তাজিয়া নিয়ে মাইকে বয়ানে তাল মিলিয়ে শহর প্রদক্ষিণ করে।
শিয়া সম্প্রদায়ের এই শোক অনুষ্ঠান ও শোক মিছিলের বিরোধিতাকে কেন্দ্র করে গত দু'দিন আগে থেকে দিনাজপুর শহরে উত্তেজনা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৌহিদি জনতা নামে একটি সংগঠন শিয়া সম্প্রদায়ের শোক অনুষ্ঠান ও শোক মিছিল বন্ধের দাবিতে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ করে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিয়া সম্প্রদায়কে হত্যার হুমকিও দেয় একটি গোষ্ঠী। ফলে অসংখ্য পুলিশ,গোয়েন্দা ও আইন-শৃঙ্খলার বাহিনী কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শিয়া সম্প্রদায়ের এই শোক অনুষ্ঠান ও শোক মিছিল শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
(এসএস/এসপি/আগস্ট ০৮, ২০২৬)
