গোপালগঞ্জ প্রতিনিধি: টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরে শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

গতকাল শনিবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া শীতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি এমন ঘোষণা দেন।

গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানী বলেন, মাত্র পাঁচ মাস জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। এই পাঁচ মাসের মধ্যে অক্লান্ত পরিশ্রম দিয়ে চেষ্টা করেছি যতটুকু উন্নয়ন করা যায়। আপনার যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে এই গোপালপুরে একটি মডেল মন্দির নির্মাণ করা হবে। ইতিমধ্যে মন্ত্রী পরিষদের একাধিক সদস্যর সাথে আমি কথা বলেছি। সবাই আশ্বস্ত করে জায়গা নির্ধারণ করতে বলেছে। শীঘ্রই টুঙ্গিপাড়ার গোপালপুরে মডেল মন্দির নির্মাণ করা হবে, আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম।

ফ্যামিলি কার্ডের প্রতারণার বিষয়ে জনগনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমপি জিলানী বলেন, কেউ যদি বলে কিছু টাকা দেন আপনাকে ফ্যামিলি কার্ড করে দেবো। মনে রাখবেন কেউ যদি এই কথাটা বলে তাহলে বুঝবেন সে আপনাদের সাথে প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে।

ইতিমধ্যে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে বিনামূল্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে যাবে সবার বাড়িতে। অতএব কাউকে টাকা দিয়ে নিজেরা প্রতারিত হবেন না।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীপক মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

(এমএস/পিএস/আগস্ট ০৯, ২০২৬)