দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবার ছেলেরা এগিয়ে
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। বরাবর মেয়েরা এগিয়ে থাকলেও এবার এগিয়ে আছে ছেলেরা। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭২ শতাংশ আর ছাত্রীদের ৫৮ দশমিক ০৩ শতাংশ।
আজ সোমবার প্রকাশিত ফলাফলে বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৭৯ হাজার ৫৯৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন।
লিঙ্গভিত্তিক ফলাফলে সামান্য এগিয়ে রয়েছে ছাত্ররা। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭২ শতাংশ, আর ছাত্রীদের ৫৮ দশমিক ০৩ শতাংশ।
জিপিএ-৫ অর্জনেও এবার উজ্জ্বল সাফল্য দেখিয়েছে শিক্ষার্থীরা। মোট ১২ হাজার ২৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩২৬ জন ছাত্র এবং ৫ হাজার ৯৬০ জন ছাত্রী। অর্থাৎ জিপিএ-৫ অর্জনে ছাত্ররা ছাত্রীদের চেয়ে ৩৬৬ জন এগিয়ে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার ২ হাজার ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও রয়েছে সাফল্য ও ব্যর্থতার বৈপরীত্য। ১০৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে, বিপরীতে একটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন। এর মধ্যে ১ হাজার ১৫৮ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল।
(এসএস/এসপি/আগস্ট ১০, ২০২৬)
