সাতক্ষীরায় সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, এনডিসি নাফিউল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানুষ লোভের বশবর্তী হয়ে দূর্ণীতিতে জড়িয়ে পড়ে। দূর্ণীতির সূত্রপাত হয় খারাপ চিন্তার মধ্য দিয়ে। তাই দূর্ণীতি প্রতিরোধে নৈতিক চরিত্র ও চিন্তা চেতনার বিকাশ ঘটাতে হবে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের নাম উপরের সারিতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্টোনিয়া বিশ্বের সবচেয়ে ছোট দেশ হলেও তারা দূর্ণীতিমুক্ত। তাদের রাষ্ট্র ব্যবস্থা শতভাগ ডিজিটালাইজড। এজন্য আমাদের চিন্তার দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মোঃ অলিউর রহমান, সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী, প্রভাষক ওমর ফারুক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কে চারটি গ্রুপে আটটি স্কুল অংশ নেয়। বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।
(আরকে/এসপি/আগস্ট ১১, ২০২৬)
