প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৈলানপট্টি এলাকায় প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিটনাশক নিয়ে হাজির হয়েছেন দুই সন্তানের জননী এক নারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নরসিংদীর রায়পুর উপজেলার আতোর মিয়ার মেয়ে শরীফা বেগম (২০) দীর্ঘ দুই বছর ধরে নগরকান্দার পৈলানপট্টি এলাকার মুহাম্মদ মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বরের (৪০) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। এর আগে শরীফা তার পূর্বের বিবাহ বিচ্ছেদ করেন বলে জানা গেছে।

আজ বুধবার তিনি দুই সন্তানকে রেখে রুবেল মাতুব্বরের বাড়িতে কিটনাশক নিয়ে হাজির হন। সেখানে তিনি রুবেলের সঙ্গে বিয়ের দাবি জানান। তবে ওই সময় রুবেল নিজ বাড়িতে উপস্থিত ছিলেন না।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য জানার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা চলছে।

(পিবি/এসপি/আগস্ট ১২, ২০২৬)