স্টাফ রিপোর্টার : দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে ক্ষমতাসীন বিএনপি। সংসদে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই হতে যাচ্ছেন ২৩তম রাষ্ট্রপ্রধান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রিজভী আরও জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
সারা জাতিকে এই বিষয়টি দলের পক্ষ থেকে অবহিত করা হয়েছে।

দলের নতুন মহাসচিব কে হবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংবিধানিক ও দলীয় যে প্রক্রিয়া রয়েছে, তা পর্যালোচনা করে তিনি পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সরকারি দলের চিফ হুইপ, সব হুইপ এবং দলের সব যুগ্ম-মহাসচিব উপস্থিত ছিলেন।

প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ায় এখন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করা হবে। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বিকেল ৪টা।

এর আগে গত ১ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানের ওপর দেওয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ১৩, ২০২৬)