কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে টিপুর উদ্যোগে দোয়া মাহফিল
স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তাঁর জীবনের অনেকটা সময় কেটেছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। তাঁর জন্মদিনে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার ও দেশের মানুষের জন্য দোয়া করছি।”
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ সময়ে জিয়া পরিবারের সদস্যদের মতো কোকোর জীবনও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় তাঁর ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে। ২০০৭ সালের জরুরি অবস্থার সময় গ্রেপ্তার ও পরবর্তী সময়ে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান তাঁর জীবনের অন্যতম আলোচিত অধ্যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এনডিএর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন।
পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাবাররুক হিসেবে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
(এসডি/এসপি/আগস্ট ১৩, ২০২৬)
