‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
স্টাফ রিপোর্টার : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষ বা একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পরিধি আরও ব্যাপক; যার মধ্যে বিতর্ক, সহশিক্ষা কার্যক্রম এবং ছাত্র আন্দোলনও শিক্ষার্থীদের শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দীন খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) আয়োজিত পঞ্চম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণতান্ত্রিক রাজনৈতিক বাস্তবতায় শিক্ষা ও ছাত্র আন্দোলনকে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তবে শিক্ষাঙ্গনে যেকোনো ধরনের দখলদারিত্ব ও অন্যের অধিকার হরণের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকতে হবে।
বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিতর্কের সময় কোনো বিষয়ে বিপক্ষ অবস্থান নেওয়ার অনুশীলন শিক্ষার্থীদের নিজেদের বিশ্বাস ও ধারণাকে প্রশ্ন করতে শেখায়। এর মাধ্যমে বাস্তব জীবনে বিভিন্ন বিষয়ে যুক্তিনির্ভর ও বিশ্লেষণাত্মকভাবে চিন্তা করার দক্ষতা তৈরি হয়, যা ভবিষ্যৎ কর্মজীবনেও দারুণভাবে কাজে লাগে।
ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির বিষয়ে প্রতিমন্ত্রী একটি মাস্টারপ্ল্যান তৈরির ওপর জোর দেন। তিনি বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান।
রাজধানীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় এবং তুলনামূলক ভালো ফল করা শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ায় প্রতিষ্ঠানটি সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করে। এই সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে ঢাকা কলেজকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে হবে।
ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের আবেগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের সঙ্গে আমার ব্যক্তিগত ও গভীর আবেগ রয়েছে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে বর্তমান অবকাঠামো দেখে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছি। কলেজের অডিটোরিয়ামসহ পুরো ক্যাম্পাসের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামান। এ ছাড়া দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা বিতার্কিকসহ অন্যান্য শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০২৬)
